বগুড়ায় দুই কলেজ ছাত্রকে মারধরের অভিযোগে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থীরা গতকাল শনিবার সড়ক অবরোধ করেছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে দুজন শিক্ষার্থী ও কলেজ-বাসের একজন সহকারীকে মারধর করার অভিযোগ তুলে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে সকাল সাড়ে নয়টার দিকে কলেজের নতুন ভবনের সামনে তাঁরা এই সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।কলেজের শিক্ষার্থীরা জানান, কলেজের একটি বাস সকালে সোনাতলা উপজেলা সদর থেকে ছাত্রদের নিয়ে সরকারি আযিযুল হক কলেজের দিকে রওনা হয়। সকাল সাড়ে আটটার দিকে বাসটি বগুড়া-রংপুর মহাসড়কের চৌকিরঘাট এলাকায় পৌঁছায়। সেখানে চৌকিতে থাকা র‌্যাব সদস্যরা বাসটিকে থামার সংকেত দেন। চালকের সহকারী আল-আমিন সংকেত বুঝতে না পারায় বাসটি চৌকি পার হয়ে চলে আসে। র‌্যাব সদস্যরা পিছু নিয়ে ওই বাসটিকে থামায়। সংকেত অমান্য করা নিয়ে আল-আমিনের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিনকে তাঁরা মারধর করতে থাকেন। এ সময় প্রতিবাদ করতে গেলে মামুনুর রশিদ ও ওমর ফারুক নামে দুই ছাত্রকেও র‌্যাব সদস্যরা পিটুনি দেন। বাসটি সকাল সাড়ে নয়টার দিকে কলেজ ক্যাম্পাসে পৌঁছার পর এই মারধরের ঘটনা শুনে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে তাঁরা ওই সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে কলেজের অধ্যক্ষ মারধরের ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনেন। দুপুরে র‌্যাব বগুড়া অঞ্চলের প্রধান মেজর মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন এবং ঘটনা তদন্তের আশ্বাস দেন। মেজর মোস্তফা বলেন, চৌকিতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই বাসটিকে থামতে সংকেত দিয়েছিল। তিনি বলেন, বাসটি যে কলেজের তা হয়তো তাঁরা বুঝতে পারেননি। তিনি বাসের সহকারী ও ছাত্রদের মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সেখানে আসলে কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’