বগুড়া প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বগুড়া মহিলা কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া একই দাবিতে করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোকাব্বর হোসেন বলেন, তাঁর কলেজের ১২৭ জন ছাত্রী আগামী ২ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এত দিন বগুড়া মহিলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ছিল বগুড়া কলেজ। কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র পরিবর্তন করে এবার এই কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শহরের সরকারি শাহ সুলতান কলেজ। গতকাল সকালে কলেজে এসে কেন্দ্র পরিবর্তনের খবর পেয়ে তাঁর কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী তারা শ্রেণিকক্ষ ও কলেজের ফটকে তালা মেরে কলেজের সামনের মালতিনগর বউবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
করোনেশন ইনস্টিটিউশনের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, এবার ৩০৯ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল বগুড়া কলেজে। কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্র পরিবর্তন করে সরকারি শাহ সুলতান কলেজে স্থানান্তর করে। গতকাল কেন্দ্র পরিবর্তনের খবর এলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা প্ল্যাকার্ড হাতে কলেজে বিক্ষোভ করে।
এদিকে বিক্ষোভ হওয়া ওই দুটি কলেজের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার। তিনি শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে দুটি কলেজে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শুভাশীষ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে তারা রাজি হয়নি। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। তারা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। এ নিয়ে প্রশাসন ও রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলেছে, প্রশ্নপত্র ও উত্তরপত্র পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, এ বছর কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার সম্ভব নয়। আগামী বছর শিক্ষার্থীদের দাবির বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিবেচনা করবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের আশ্বাসের কথা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা কিছুটা নমনীয় হয়েছে।’