বগুড়ায় দুই দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসককে মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় বিএমএ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ জুন বগুড়ার সরকারি সব হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রের বহির্বিভাগে এবং ২৬ জুন অন্তর্বিভাগ ও বহিঃবিভাগে দিনব্যাপী ধর্মঘট। গত বৃহস্পতিবার রাতে জেলা বিএমএর সভাপতি মোস্তফা আলমের সভাপতিত্বে সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভা থেকে ২৬ জুনের মধ্যে তাদের দাবি মানা না হলে পরে সভা করে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। ৬ জুন রাতে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও তাঁর লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুস সাকিব ও সামিউল ইসলামকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নাজমুস সাকিব সোনাতলা থানায় জাকির হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। পাশাপাশি জেলা বিএমএ জেলার সব সরকারি চিকিৎসাকেন্দ্রে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল নয়-১১টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালন করে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, ওই মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ এজাহারভুক্ত চারজন আসামি ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।