বগুড়ায় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সদর পুলিশ ফাঁড়িতে গৃহপরিচারিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে গত মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানকেও বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। বগুড়া পুলিশ লাইনে তাঁদের প্রত্যাহার করা হয়। ওই গৃহপরিচারিকা তাঁকে ধর্ষণের অভিযোগ এনে বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে কর্মরত উপপরিদর্শক আব্দুস সালামের বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ গত ১ ডিসেম্বর মামলা করেন। বিচারক কে জি মোস্তফা অভিযোগটি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপারকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এ মামলার পরিপ্রেক্ষিতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। মামলায় বাদী উল্লেখ করেন, গত বছরের ২৩ নভেম্বর রাত আটটার দিকে ফাঁড়ির তৃতীয়তলায় রান্নার কাজ শেষে তিনি বাড়ি যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরে ঢুকে আব্দুস সালাম তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর পরই তিনি বগুড়া সদর থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেনের কাছে এ বিষয়ে আব্দুস সালামের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ওই দুই কর্মকর্তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করার সত্যতা স্বীকার করেছেন।