বগুড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আবুল কালাম আজাদ (৩৫) এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার আবদুল কাদের (৩০) ও আশরাফুল ইসলাম (২৮ ‍)।

পুলিশ জানায়, বাস দুটির একটি কুড়িগ্রাম থেকে ঢাকামুখী নগর পরিবহন; অন্যটি ঢাকা থেকে পঞ্চগড়মুখী সাফা পরিবহনের ছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ মারা যান। এরপর আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবদুল কাদের ও আশরাফুল ইসলাম মারা যান বলে নিশ্চিত করেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গাজিউর রহমান।

হাইওয়ে পশ্চিমাঞ্চল পুলিশের বগুড়ার পুলিশ সুপার ইসরাইল হাওলাদার জানান, আবুল কালামের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।