বগুড়ায় দুই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলার দুজন ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের দুজন সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ। গতকাল শনিবার পুলিশ এ কথা জানায়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নাটোরের লালপুর উপজেলার তারাপুর গ্রামের আবদুল কুদ্দুস সরকার (৪০), চন্দপুর গ্রামের নজরুল ইসলাম (২৮), একই গ্রামের আবদুস সাত্তার (৪২), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহেশ রুহালী গ্রামের সোলেমান প্রামাণিক (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের গোলাম রব্বানী (৩৮)।গতকাল দুপুরে বগুড়ার সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হাজির করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুর রহমান মণ্ডল জানান, গত ২৭ অক্টোবর শেরপুর উপজেলার শিবপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৮) ও হাবিলউদ্দিন (৪০) নিখোঁজ হন। এ ঘটনায় শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ২৯ অক্টোবর মুঠোফোনে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে। মুক্তিপণ না দেওয়া হলে এবং বিষয়টি পুলিশকে জানানো হলে তাদের হত্যা করা হবে বলে দেওয়া হয়। একপর্যায়ে অপহরণকারীরা আড়াই লাখ টাকায় তাদের মুক্তি দিতে রাজি হয়। অপহরণকারীদের কথামতো নাটোরের গোপালপুরে তাদের নির্ধারিত স্থানে ৫ নভেম্বর ওই টাকা পৌঁছে দেওয়া হয়। অপহরণকারীরা ওই রাতেই দুজন ব্যবসায়ীকে চোখ বাঁধা অবস্থায় নাটোরের আবদুলপুর রেলস্টেশনের পাশে ফেলে রেখে যায়। তাঁরা ফিরে এসে ঘটনা পুলিশকে জানান। এরপর র্যাব-১২ এবং পুলিশের বিশেষ দল যৌথ অভিযান শুরু করে। গত বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।এএসপি আরিফুর রহমান মণ্ডল জানান, গ্রেপ্তার হওয়া আবদুস সাত্তার এবং সোলেমান প্রামাণিক নিষিদ্ধঘোষিত একটি চরমপন্থী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।