বগুড়ায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মচারী (এমএলএসএস) হাফিজার রহমান (৪৭) ছুরিকাঘাতে খুন হয়েছেন।
গত বুধবার রাতে উপজেলার মহিষবাতান গ্রামে নিজবাড়ির শয়নকক্ষে একজন মুখোশ পরা দুর্দৃত্ত তাঁকে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে গরুকে খাওয়ানোর জন্য খড় নেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছোরার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
গতকাল সকালে কাহালু থানার পুলিশ হাফিজারের লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় হাফিজারের ভাই নাসির উদ্দিন বাদী হয়ে গতকাল দুপুরে কাহালু থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, পূর্বশত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ড জানান, বুধবার রাতে শয়নকক্ষে হাফিজার রহমান ও স্ত্রী জয়নব বেগম শুয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিতে শৌচাগারের গুলগুলি ভেঙে মুখোশ ও রেইনকোট পরা একজন দুর্বৃত্ত কক্ষে ঢোকে। বিষয়টি টের পেয়ে হাফিজার রহমান ও তাঁর স্ত্রী দুর্বৃত্তকে ধরে ফেলার চেষ্টা করেন। ওই ব্যক্তি প্রথমে তাঁদের চোখে বালু ছিটিয়ে দেয়। এরপর হাফিজারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ওসি গতকাল রাতে বলেন, এখন পর্যন্ত খুনের কারণ জানা যায়নি। বিষয়টি রহস্যজনক।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চান্দাস ইউনিয়নের চান্দাস হিন্দুপাড়া গ্রামের মৃত কেরুচন্দ্র মন্ডলের ছেলে ভরত চন্দ্র (৩৫) তাঁর গরুকে খাওয়ানোর জন্য বড় ভাই ক্ষেতু চন্দ্র মন্ডলের খড়ের পালা থেকে কিছু খড় নিয়ে যান।
ক্ষেতু মন্ডল বিষয়টি জানতে পেরে ছোট ভাই ভরতের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ক্ষেতু মন্ডল বাড়ি থেকে একটি ধারালো ছোরা নিয়ে এসে ভাই ভরত চন্দ্রের পেটে আঘাত করেন। ঘটনাস্থলেই ভরতের মৃত্যু হয়। ঘটনার পরপরই ক্ষেতু মন্ডল পালিয়ে যান।
গতকাল রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ওসি জানান।