বগুড়ায় দুজন নৃত্যশিল্পীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের বাঘোপাড়া নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নৃত্যশিল্পীসহ তিনজন নিহত এবং চালকসহ অন্য দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার ফুলবাড়ি-বৃন্দাবনপাড়ার নৃত্যশিল্পী আশিক আহমেদ (২১) ও ধাওয়াকোলা গ্রামের এফ কে তপু চন্দ্র (২৪) এবং তাঁদের সহযাত্রী মহাস্থান গ্রামের আবদুর রহিম (২৫)।
হাইওয়ে বগুড়ার পুলিশ সুপার ইসরাইল হাওলাদার আশিক ও তপু নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমেদ নিশ্চিত করেছেন আবদুর রহিম নিহত হওয়ার কথা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া চলাচল ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বগুড়া অভিমুখী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পুলিশ আসার আগেই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে নিহত ব্যক্তিদের লাশ স্বজনেরা নিয়ে যান। অন্যদিকে, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাইওয়ে পুলিশ সুপার বলেন, নিহত ব্যক্তিদের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।