বগুড়ায় দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা ও কর্মচারী বরখাস্ত
দুর্নীতির অভিযোগে বগুড়ায় ভূমি কার্যালয়ের এক কর্মকর্তাকে বরখাস্ত ও অপর এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। ওই সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রোস্তম আলী মাহমুদের বিরুদ্ধে নামজারি মামলায় ভূমি মালিকের কাছ থেকে ঘুষ নেওয়া এবং শিবগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের চেইনম্যান সামছুল আলমের বিরুদ্ধে প্রতারণা করে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ছিল। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় সোমবার রোস্তম আলী মাহমুদকে বরখাস্ত ও সামছুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।অভিযুক্ত ভূমি কর্মকর্তা রোস্তম আলী মাহমুদকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। ভূমি কার্যালয়ের চেইনম্যান সামছুল আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ভূমি প্রশাসনকে শুদ্ধিকরণ এবং জনগণকে ভোগান্তি ও হয়রানির যন্ত্রণা থেকে মুক্ত করতে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি ও হয়রানির ঘটনা প্রমাণিত হলে দায়ী কর্মকর্তা-কর্মচারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না।