বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের খান্দার এলাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সরকারি ওষুধ কোম্পানির একজন কর্মকর্তা খুন হয়েছেন। ওই কর্মকর্তার নাম ইমরান হোসেন (২৫)। জানা গেছে, ইমরান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের বগুড়া কারখানার প্রডাকশন কর্মকর্তা। তাঁর বাড়ি খুলনার জিগাতলা এলাকায়। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বগুড়া সদর থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রিকশায় করে বাসায় ফেরার পথে শহরের খান্দার এলাকায় সানমুন স্কুলের কাছে একদল দুর্বৃত্ত ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম সিদ্দিকী জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইমরান মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।