বগুড়ায় দেয়ালচাপায় বিদ্যুৎকর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সদর উপজেলায় দেয়ালচাপায় পল্লী বিদ্যুৎ সমিতির একজন মিটার রিডারের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে তিনি ওই দুর্ঘটনার শিকার হন। নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৪০)।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান আবু জাফর মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আবু বক্কর সিদ্দিক বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার পদে কর্মরত ছিলেন। আজ মিটার রিডিং নিতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের পুতুলবাড়ি গ্রামে যান। একজন গ্রাহকের বাড়িতে মিটার রিডিং নিতে গেলে সেখানে তাঁর ওপর বসতবাড়ির দেয়াল ধসে পড়ে। এতে তিনি চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া তিনটার দিকে তিনি মারা যান।