বগুড়ায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কামাল প্রামাণিক (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বুধবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. আবদুল মান্নান এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর রাতে বগুড়ার সোনাতলা উপজেলার একটি গ্রামের কামাল প্রামাণিক প্রতিবেশীর বাড়িতে ঢুকে ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ বুধবার মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বগুড়ার নারী ও নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি নরেশ মুখার্জি বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি কামাল প্রামাণিককে পুলিশ কারাগারে পাঠিয়েছে।