বগুড়ায় ধাক্কায় অটোভ্যানচালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের বিজয়ঘট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস আলম (৪৫) ও একই উপজেলার কদমা গ্রামের মৃত মানিক উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৩)।

পুলিশ জানায়, গতকাল রাত নয়টার দিকে ফেরদৌস আলম বন্ধু ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে অটোভ্যানে ইউসুফপুর গ্রামে বিয়াইবাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। ভ্যানটি বিজয়ঘাট এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান। গুরুতর আহত ফেরদৌস আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি সেখানে মারা গেছেন।

সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।