বগুড়ায় ধান-চাল সংগ্রহে ধীরগতি
বগুড়ায় এ বছর ধীর গতিতে সরকারি ধান ও চাল সংগ্রহ অভিযান চলছে। সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ চালকলের মালিকেরা গুদামে চাল সরবরাহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি দামের চেয়ে বাজার মূল্য বেশি থাকায় চালকলের মালিকেরা গুদামে চাল সরবরাহ করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলা থেকে এ বছর বোরো মৌসুমে ছয় হাজার ১৬৭ মেট্রিক টন ধান এবং ৮৮ হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলায় এ মৌসুমে এক হাজার ৩৫০ জন চালকলমালিক চাল দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক হাজার ২৯০ মেট্রিক টন ধান এবং ১৯ হাজার ৭০০ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। অথচ গত বছর জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ৪০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে বগুড়ায় ধান-চালের বাজার চড়া। সরকার চালকলের মালিকদের কাছ থেকে চাল কেনার জন্য প্রতি কেজি চালের দাম ধরেছে ২৫ টাকা। কিন্তু হাটে বা মোকামে এখন সেই চাল বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা। ধানের দামও অনেক বেড়ে গেছে। এ কারণে কৃষকেরাও গুদামে ধান বিক্রি করছেন না। কয়েকজন চালকলের মালিক জানান, প্রতি কেজি চাল ২ টাকা করে লোকসান দিয়ে চাল দেওয়া সম্ভব নয়। বগুড়া জেলা চালকলমালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সরকারি সংগ্রহ অভিযান ধীর গতিতে চলার কথা স্বীকার করে বলেন, ‘ধান-চালের দাম গত দুই সপ্তাহ ধরে বেড়ে গেছে। যে কারণে মিলাররা গুদামে চাল দেওয়া কমিয়ে দিয়েছেন।’জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, ‘যাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন তাঁদের চাল দিতেই হবে। এখনো আগস্ট মাস পর্যন্ত সময় রয়েছে। আশা করছি, এ সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ করা যাবে।’