বগুড়ায় ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নয় ব্যক্তি হলেন: বগুড়া সদরের কৈগাড়ীর নুরুল ইসলাম (৪০), ইসলামপুরের কাজল (৩৮), বাদুরতলার মুকুল (৩৫), দক্ষিণ মালগ্রামের জুয়েল (২২), গাবতলীর আবু বক্কর (৪৫), কাহালুর মহিষামুড়া গ্রামের রুবেল (৩৩), রেজাউল করিম (২৩), মিলন (৩৫) ও শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাটের দুদু মিয়া (৪৫)।পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম জানান, গত ২৯ নভেম্বর রাতে কাহালু উপজেলার আল-ফারুক প্লাস্টিক কারখানার সামনে একদল ডাকাত খালি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অপর একটি ট্রাকের গতি রোধ করে। পরে তারা চালক ও তাঁর সহকারীর হাত-পা বেঁধে ট্রাকটি ছিনতাই করে। এ ব্যাপারে ট্রাকের মালিক শাহজাহান আলী কাহালু থানায় মামলা করেন। সহকারী পুলিশ সুপার আরও জানান, ট্রাক ছিনতাইয়ের মামলায় রোববার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ট্রাক ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।