বগুড়ায় নদী থেকে বালু তোলায় সেতু হুমকিতে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা-তরণীহাট সড়কে বাঙ্গালী নদীর ওপর জোড়গাছা সেতুর নিচ থেকে অবাধে বালু উত্তোলন করায় সেতুটি হুমকির মুখে পড়েছে। সারিয়াকান্দি উপজেলা প্রশাসন একবার কাজ বন্ধ করে দিলেও আবারও সেখান থেকে বালু তোলা হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ২০০৩ সালে ৩৩০ মিটার দীর্ঘ সেতুটি সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা-তরণীহাট সড়কে বাঙ্গালী নদীর ওপর নির্মাণ করা হয়। সেতুটি চালু হওয়ায় জেলা শহরের সঙ্গে ওই এলাকার মানুষ সহজেই যোগাযোগ করতে পারে। ২০০৮ সালে বন্যায় বাঙ্গালী নদীর ভাঙনের কারণে সেতুটির অ্যাপ্রোচ ভেঙে যায়, ৩০ লাখ টাকা খরচ করে সেতুটি রক্ষা করা হয়। ২০০৯ সালে সেতুর পূর্ব পাশে প্রায় দুই কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি রক্ষার জন্য খাল খনন ও অ্যাপ্রোচ মেরামত করা হয়।এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি সেতুর নিচ থেকে বালু উত্তোলন করছেন। এতে দিন দিন সেতুটি হুমকির মধ্যে পড়ছে। বর্তমানে পাঁচ-ছয়টি যন্ত্র দিয়ে বালু উত্তোলন চলছে। বালু উত্তোলনকারী শ্রমিকেরা জানান, এলাকার মামুন মিয়ার নেতৃত্বে জোড়গাছা এবং গাবতলী উপজেলার পাঁচ-ছয়জন এই বালু উত্তোলন করছেন। গাবতলী উপজেলার কারা এসব বালু উত্তোলনের সঙ্গে রয়েছেন, তা তাঁরা জানাতে পারেননি। এলাকায় মামুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, উত্তোলন বন্ধ করা না হলে যেকোনো সময় সেতুর বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সারিয়াকান্দি এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আবদুল হাকিম জানান, সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান জানান, বেশ কয়েক দিন আগে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এখন আবার বালু তোলা হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।