বগুড়ায় নারী ভোটার বেশি, পুরুষেরা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর ও কাহালু উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে বেশির ভাগ কেন্দ্রে পুরুষ ভোটার নেই বললেই চলে। সব কেন্দ্রেই নারী ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ করা গেছে।

আজ বৃহস্পতিবার এ দুটি উপজেলার ১২টি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, প্রার্থীদের পাঠানো রিকশাভ্যানে করে নারী ভোটাররা সারি বেেঁধ ভোটকেন্দ্রে আসছেন। প্রিসাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, এ ১২টি কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ২০ থেকে ২৫ শতাংশ ভোট পড়েছে। আর এই ভোটের ৮০ শতাংশই নারী ভোট।

মালঞ্চা ইউনিয়নের অঘর মালঞ্চা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসা নুরজাহানের কাছে নারী ভোটারের উপস্থিতি বেশি ও পুরুষ ভোটারের উপস্থিতি কম কেন—জানতে চাইলে তিনি বলেন, বেশির ভাগ এলাকায় পুরুষেরা মাঠে বোরো ধান ও আলু নিয়ে ব্যস্ত। তাঁরা দুপুরের পর ভোট দিতে আসবেন।