বগুড়ায় নারী-শিশুদের ঢাল বানিয়ে জামায়াতের তাণ্ডব
বগুড়াজুড়ে গত রোববার তাণ্ডব চালানোর সময় জামায়াত-শিবির কর্মীরা মিছিলের সামনে নারী-শিশুদের রেখে তাদের ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। থানা, পুলিশ ফাঁড়ি, উপজেলা পরিষদ, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের কৌশল হিসেবে তাঁরা এই কাজ করেন। পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছে, হামলা ও ধ্বংসলীলায় জামায়াত-শিবির কর্মীরা বাইরে থেকে আনা প্রশিক্ষিত বাহিনী ব্যবহার করছে। এদের হাতে থাকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। হামলার সময় পুলিশ যখন রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ছে, তখন অস্ত্রধারী ওই সন্ত্রাসীরা মিছিলে থাকা নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে সটকে পড়ছে। পরে হত্যার দায় চাপাচ্ছে পুলিশের ওপর।জেলা পুলিশ সুপার (এসপি) মোজামেঞ্চল হক বলেন, ‘তাণ্ডবের সময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে। কোথাও কোথাও ফাঁকা গুলি করেছে। এসব গুলিতে প্রাণহানির কথা নয়। অথচ প্রত্যেক ঘটনার পর ঘটনাস্থল থেকে নিরীহ মানুষের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হচ্ছে। এতে পুলিশও হতবাক।’পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, গত শনিবার মধ্যরাত থেকে মসজিদে-মসজিদে মাইকিং করে, চাঁদের বুকে সাঈদীর মুখ দেখা যাওয়ার গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে রাস্তায় নামায় জামায়াত-শিবির। পরদিন সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে। এসব মিছিলের সামনের সারিতে নারী ও শিশুদের রাখা হয়। তবে হামলায় নেতৃত্ব দেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তবে শিবিরের বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান দাবি করেন, চাঁদে দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখা যাওয়া গুজব বা সত্যি, যা-ই হোক—এর পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লি ও তাঁর ভক্তরা একজোট হয়ে রাস্তায় নেমে মিছিল করেন। পুলিশ এসব মিছিলে গুলি চালালে তাঁরা ক্ষিপ্ত হয়ে পুলিশ ও সরকারি প্রতিষ্ঠানে হামলা চালান। এই হামলার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। রোববারের সহিংতায় নিহত ব্যক্তিদের চারজন জামায়াত-শিবিরের কর্মী ও অন্যরা মুসল্লি বলেও তিনি দাবি করেন।বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম বলেন, শনিবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন চেয়ারম্যান তাঁকে মুঠোফোনে জানান, তাঁর এলাকায় মসজিদে মাইকিং করা হচ্ছে, দেলওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, সর্বত্রই এই গুজব রটিয়ে রোববার তাণ্ডব চালানো হয়েছে। গুজবের হোতাদের খুঁজে বের করতে তদন্ত চলছে। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ জানান, গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যারা তাণ্ডব চালিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।