বগুড়ায় নারী সাংসদ আহত সিরাজগঞ্জে নিহত পথচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে ফেরার পথে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সাংসদ সেলিনা জাহানের পাজেরো গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে সাংসদ সেলিনা জাহান (৪৮) এবং তাঁর গাড়িচালক বিকাশ চন্দ্র (৩৩) আহত হয়েছেন।
এদিকে সিরাজগঞ্জের সলঙ্গায় মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় সুজাব আলী (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বগুড়া শহরের ফুলবাড়ী ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) শফিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একটি পাজেরো গাড়িতে ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন সেলিনা জাহান। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া পুণ্ড্র ইউনিভার্সিটি-সংলগ্ন রাস্তায় একজন পথচারী মহাসড়ক পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে চালক বিকাশ গাড়িটি বাঁ দিকে মহাসড়কের পাশের ঢালুতে নামিয়ে দেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে সাংসদ ও তাঁর গাড়ির চালক আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠান। সাংসদের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়। তিনি ঠাকুরগাঁও-পঞ্চগড়ের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের সাংসদ বলে পুলিশ জানিয়েছে। আর সাংসদের গাড়ির চালক বিকাশের বাড়ি কুষ্টিয়ায়।
এদিকে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান হাসপাতালে গিয়ে সাংসদের চিকিৎসা কার্যক্রম তদারক করেন।
হাবিবুল হাসান বলেন, হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সাংসদ ও তাঁর চালক দুজনই শঙ্কামুক্ত।
সাংসদের সঙ্গে থাকা চিকিৎসক ও মেয়েজামাই আলী আহসান বলেন, দুর্ঘটনায় সাংসদ মাথায় ও হাতে সামান্য আঘাত পেয়েছেন।
এদিকে গতকাল দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাকচাপায় মারা গেছেন সুজাব আলী নামের এক ব্যক্তি। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার বাসিন্দা ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজাব আলী মুঠোফোনে কথা বলতে বলতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।