বগুড়ায় নির্মাণের সময়ই ভেঙে গেল বাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় সারিয়াকান্দিতে যমুনা নদীর বিকল্প বাঁধের ভেঙে যাওয়া অংশ। ছবি: মাসুদ রানা।
বগুড়ায় সারিয়াকান্দিতে যমুনা নদীর বিকল্প বাঁধের ভেঙে যাওয়া অংশ। ছবি: মাসুদ রানা।

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে নির্মাণাধীন একটি বিকল্প বাঁধ ভেঙে পাঁচ থেকে ছয়টি গ্রামের বাড়িঘর এবং ফসলের খেত তলিয়ে গেছে। শুক্রবার বিকেল চারটার দিকে সারিয়াকান্দির গোদাখালি নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে যায়। গত চার বছরে এ উপজেলায় এ নিয়ে চার বার বাঁধ ভাঙার ঘটনা ঘটল।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গত মার্চে বিকল্প বাঁধটির নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর কাজ শুরু হয় গত ১৬ এপ্রিল। যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ১৯ কোটি টাকা ব্যয়ে সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি থেকে থেকে গোদাখালী পর্যন্ত আট কিলোমিটার জায়গা জুড়ে বাঁধটি নির্মাণ হওয়ার কথা।

রুহুল আমিন আরও বলেন, ‘বাঁধটি তৈরির কাজ শেষের দিকে ছিল, একেবারে শেষ মুহূর্তে এসে বাঁধটি ধসে গেল। এখন পানি না নেমে যাওয়া পর্যন্ত ধসে যাওয়া অংশ মেরামতের সুযোগ নেই।’

তবে বাঁধ ভেঙে যাওয়ার কারণ হিসেবে পাউবো শুধুমাত্র যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধি এবং প্রবল স্রোতের কথা বললেও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ভিন্ন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা বলেছেন, শুধুমাত্র পানির স্রোতের কারণে নয়। বাঁধ নির্মাণে শুধুমাত্র বালুর ব্যবহার এবং তড়িঘড়ি করে নির্মাণকাজ করার কারণে বাঁধটি ভেঙে গেছে।