বগুড়ায় নেকটারের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির মামলা
বগুড়ায় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) ভারপ্রাপ্ত পরিচালকসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বগুড়া সদরের গোদারপাড়া গ্রামের মোস্তাক জামাল নামের এক ব্যক্তি ৮ নভেম্বর বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা করেন। গত সোমবার শুনানি শেষে বিচারক তারিক হায়দার অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন নেকটারের ভারপ্রাপ্ত পরিচালক কে বি এম মাহবুবর রহমান, প্রশিক্ষণ সমন্বয়কারী বাবুল আকতারুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল হাকিম, প্রশিক্ষক মাহমুদুর রহমান ও উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম। মামলায় উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৩৬ দিন ইউএসএইডের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউএসএইডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নেকটার কর্তৃপক্ষ। এ প্রশিক্ষণ কোর্সের ফি বাবদ দুই লাখ ৩৭ হাজার ৬০০ টাকা বিধিমোতাবেক নেকটারের তহবিলে জমা না করে সব টাকা ভারপ্রাপ্ত পরিচালক, প্রশিক্ষণ সমন্বয়কারী ও হিসাবরক্ষণ কর্মকর্তা আত্মসাৎ করেন।