বগুড়ায় নয় বছরে তিন লাখ পরিবার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের ব্যবধানে বগুড়ার ১২ উপজেলায় প্রায় তিন লাখ পরিবার বৃদ্ধি পেয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাম্প্রতিক জরিপে জেলায় পরিবারের সংখ্যা বৃদ্ধির এ তথ্য মিলেছে।স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা নিরূপণ করতে গিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গত সেপ্টেম্বরে জেলাজুড়ে ওই জরিপ পরিচালনা করে। যৌথ পরিবার ভেঙে ছোট ও আলাদা হওয়ার কারণেই প্রতিদিন পরিবারের সংখ্যা বাড়ছে বলে বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন।জনস্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ জরিপের তথ্যমতে, ১২ উপজেলায় বর্তমানে পরিবারের সংখ্যা আট লাখ ৬৫ হাজার ১০০টি। এর মধ্যে সাত লাখ ৮৫ হাজার ৪৬১টি পরিবার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে। অবশিষ্ট এক লাখ ৭৯ হাজার ৬৩৯টি পরিবার এখনো স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে না। ২০০৩ সালের জরিপে জেলায় পরিবার খুঁজে পাওয়া গিয়েছিল পাঁচ লাখ ৭৩ হাজার ৩৭০টি। পরিবারের সংখ্যা বেড়ে যাওয়ায় কমছে আবাদি জমি, বাড়ছে বসতবাড়ির সংখ্যা। সাম্প্রতিক ওই জরিপ অনুযায়ী, বর্তমানে বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলায় শতভাগ পরিবার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করছে। ২০০৩ সালের জরিপে সদর উপজেলায় পরিবার ছিল ৪৮ হাজার ৫৭৯টি। নয় বছরে ৪০ হাজার পরিবার বেড়ে বর্তমানে এ উপজেলায় পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৭৪৮। শাহজাহানপুরে ২০০৩ সালে পরিবার ছিল ৪২ হাজার ৯৬৪টি, বর্তমানে আছে ৭১ হাজার ৭১৩টি পরিবার। নন্দীগ্রামে আগে ছিল ২৫ হাজার ৫৭৩, এখন ৪৫ হাজার ৫৫৩। এ উপজেলায় স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী শতকরা ৭২ দশমিক ৬৭ ভাগ। এ ছাড়া জেলার কাহালু, সোনাতলা, ধুনট, দুপচাঁচিয়া, আদমদীঘি, সারিয়াকান্দি, গাবতলী, শেরপুর, শিবগঞ্জ উপজেলাতেও ওই জরিপ পরিচালনা করা হয়।বগুড়ার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুজ্জামান জানান, নয় বছরের ব্যবধানে জেলায় পরিবার বেড়েছে দুই লাখ ৯১ হাজার ৭৩০টি। ২০০৩ সালে জেলায় স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩৩ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৯০ শতাংশে দাঁড়িয়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম বজলুর রশীদ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওই জরিপ সঠিক হয়ে থাকলে তা কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ, পরিবার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবাসনের প্রশ্ন আসবে। বাড়বে বসতবাড়ি। আর বসতবাড়ি বাড়লে কমবে আবাদি জমি। আবাদি জমি কমলে হ্রাস পাবে কৃষি উৎপাদন।