বগুড়ায় পণ্য তোলেননি বেশির ভাগ ডিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য কিনতে সাধারন মানুষদের ভিড়। ছবিটি গতকাল দুপুরে বগুড়া শহরের সার্কিট হাউসের সামনের সড়ক থেকে তুলেছেন সোয়েল রানা
সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য কিনতে সাধারন মানুষদের ভিড়। ছবিটি গতকাল দুপুরে বগুড়া শহরের সার্কিট হাউসের সামনের সড়ক থেকে তুলেছেন সোয়েল রানা

পবিত্র রমজানের শুরুতে বগুড়ায় চিনি, ছোলা, মসুর, ভোজ্যতেল, খেজুরসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। এ পরিস্থিতিতে বাজারমূল্যের চেয়ে দামে কম হওয়ায় ক্রেতারা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। কিন্তু এ জেলায় বেশির ভাগ ডিলারই পণ্য তোলেননি।
রমজানের প্রথম দিন থেকেই শহরের সার্কিট হাউস সড়কে টিসিবির অনুমোদিত দুজন ডিলার ট্রাকে করে পণ্য বিক্রি করছেন। চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় বিক্রয় কেন্দ্র আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
টিসিবির রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরে ছয়জনসহ জেলায় ৬৭ জন টিসিবির অনুমোদিত ডিলার রয়েছে। রোজার মাসে ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে চিনি, ছোলা, মসুর ও প্যাকেটজাত সয়াবিন তেল—এই চারটি পণ্য বিক্রির জন্য টিসিবি থেকে প্রত্যেক ডিলারের অনুকূলে গড়ে এবার ১ হাজার ৮০০ কেজি পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে। ডিলারের কাছে খুদে বার্তা পাঠিয়ে বরাদ্দের পণ্য উত্তোলনের জন্য তাগাদাও দেওয়া হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত শহরের টিএমএসএস মার্কেটের মেসার্স ববিতা রানী বর্মণ নামের একটি প্রতিষ্ঠানসহ জেলার ২৫ জন ডিলার পণ্য উত্তোলন করেছেন।
শহরের ছয়জন ডিলারের মধ্যে মাত্র একজন পণ্য উত্তোলন করেছেন। এ ছাড়া শেরপুরের মেসার্স শিবলী সেজান ও গালিব ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠান শহরের সার্কিট হাউস সড়কে ট্রাকে করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র থেকে পণ্য বিক্রি করছে। গতকাল দুপুরে সার্কিট হাউস সড়কে টিসিবির ভ্রাম্যমাণ একটি বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতি কেজি চিনি ৫৫, মসুর ৮০, ছোলা ৭০ টাকা কেজি এবং ভোজ্যতেল ৮৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বিক্রয় কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়েছেন। দুপুরের পরপরই ডিলারের গাড়িতে পণ্যের মজুত শেষ হয়ে যায়।
প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর সেখান থেকে দুই কেজি চিনি এবং দুই লিটার ভোজ্যতেল কিনতে সক্ষম হন শহরের মালতিনগর এলাকার আনিসুর রহমান। তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে শহরে টিসিবির পাঁচটি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র দরকার। কারণ ২১ ওয়ার্ডের এই শহরের জনসংখ্যাও সাত লাখের ওপরে।
টিসিবির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী প্রধান প্রতাপ কুমার বলেন, বগুড়া শহরে টিসিবির ছয়জন ডিলার রয়েছেন। কিন্তু একজন পণ্য উত্তোলন করেছেন। শেরপুর উপজেলার দুজন ডিলার শহরের দুটি স্থানে রবি, সোম ও মঙ্গলবার ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করছেন। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে বিক্রির জন্য প্রতিদিন এই দুই ডিলারকে গড়ে প্রায় দেড় টন করে পণ্য সরবরাহ করা হচ্ছে। ১৫ রমজান পর্যন্ত ন্যায্যমূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম চলবে। কোনো ডিলার পরপর তিন দফা বরাদ্দের পণ্য উত্তোলন না করলে তাঁর লাইসেন্স বাতিল হবে।
গতকাল সোমবার পর্যন্ত ববিতা রানী বর্মণ ছাড়া অন্য কোনো ডিলার টিসিবির পণ্য উত্তোলন করেননি। খোঁজখবর নিয়ে জানা গেছে, বেশির ভাগ ডিলারেরই স্থায়ী দোকান নেই। কাগজে-কলমে ঠিকানা দেখিয়ে ডিলারশিপ নেওয়া হয়েছে।
মেসার্স রাদিত মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘টিসিবির রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে একজন ডিলারকে গড়ে পণ্য বরাদ্দ দেওয়া হয় দেড় টন। ওই পরিমাণ পণ্য রাজশাহী থেকে বগুড়া পর্যন্ত আনতে শুধু ট্রাক ভাড়াতেই ব্যয় হয় কমপক্ষে দুই হাজার টাকা। এর সঙ্গে মালামাল ওঠানো-নামানোর খরচ, বিক্রির জন্য নিয়োগ দেওয়া লোকের বেতনসহ সব মিলিয়ে যে খরচ হয়, তার চেয়ে দেড় টন টিসিবির পণ্য বিক্রি করে পাওয়া কমিশন অনেক কম।’