বগুড়ায় পদক পাচ্ছেন ৮ পুলিশ
সাহসিকতার সঙ্গে জঙ্গি দমন, জঙ্গিদের গ্রেপ্তারসহ সন্ত্রাস বিরোধী অভিযানে অনন্য অবদান রাখায় বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) ও পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদক পাচ্ছেন বগুড়া জেলার আটজন পুলিশ সদস্য। এঁদের মধ্যে জঙ্গি দমনে সাহসী ভূমিকা ও অনন্য অবদান রাখায় টানা দ্বিতীয়বার বিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল ।
এ ছাড়া সাহসিকতার সঙ্গে জঙ্গি গ্রেপ্তারে অবদান রাখায় বিপিএম পদক পাচ্ছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুলহাজ উদ্দিন ও মজিবর রহমান। জঙ্গিবিরোধী অভিযানে অনবদ্য ভূমিকা রাখায় পিপিএম পদক পাচ্ছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, ফারুক হোসেন, কনস্টেবল ইসমাইল হোসেন ও হেলাল উদ্দিন।
এসপি পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, জেলায় এবারই প্রথম সর্বোচ্চ ৮ জন পুলিশ সদস্য পদক পাচ্ছেন। ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।