বগুড়ায় পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ, ভাঙচুর

সরকার দাবি মেনে নিলেও গেজেট প্রকাশ না করায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা আজ মঙ্গলবার আবারও পরীক্ষা বর্জন করে সড়কে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা ঢিল ছুড়ে দুটি বাসের কাচ ভাঙচুর করেছেন।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার তাঁদের দাবি মেনে নিলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করেনি। এ কারণে তাঁরা সকাল নয়টায় ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ফটকে ‘গেজেট গেজেট গেজেট চাই, গেজেট ছাড়া পরীক্ষা নাই’; ‘আগে আমাদের গেজেট দাও, পরে আমাদের পরীক্ষা নাও’ স্লোগান লিখে কাগজ সেঁটে দেওয়া হয়। আজ সকাল ১০টা থেকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কোনো পরীক্ষার্থীকেই প্রবেশ করতে দেননি আন্দোলনরত পরীক্ষার্থীরা।
এরপর সকাল সোয়া ১০টায় পরীক্ষার্থীরা পলিটেকনিকের সামনে সড়ক অবরোধ করে দুটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় শহরের সাতমাথা থেকে বনানী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই বিক্ষোভে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেন। আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সড়ক থেকে সরিয়ে দেয়। পলিটেকনিকের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন সরকার জানান, নির্ধারিত সময় অতিবাহিত হলেও ছাত্ররা পরীক্ষা বর্জন করায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাঁর প্রতিষ্ঠানে এক হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী রয়েছেন।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আবু জিহাদ জানান, সরকার তাঁদের দাবি মেনে নিলেও গেজেট প্রকাশ করেনি। তাই বগুড়ায় সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেননি।
পেশাগত বৈষম্য নিরসন ও সুপারভাইজিং পদ পরিবর্তনসহ দুই দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সম্প্রতি সারা দেশে বিক্ষোভ করেন।
পরে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীরা চাকরিতে যোগ দেওয়ার সময় সুপারভাইজার নয়, তাঁদের পদ হবে উপসহকারী প্রকৌশলী এবং পাস করা শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে বিবেচিত হবেন।