বগুড়ায় পশুর অবৈধ হাট উচ্ছেদ
বগুড়ার বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) বিরুদ্ধে প্রশাসনের অনুমতি ছাড়া কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। বগুড়া শহরতলিতে টিএমএসএসের প্রধান কার্যালয় এলাকায় ওই হাট বসানো হয়েছিল। গতকাল রোববার বিকেলে প্রশাসন তা তুলে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ১৫ জন বলেন, টিএমএসএসের প্রধান কার্যালয় এলাকার বিসিএল কোল্ড স্টোরেজের পাশে পশু কেনাবেচার হাটের কথা জানিয়ে কয়েক দিন ধরে সংস্থাটির পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। গতকাল ছাড়াও আগামী মঙ্গলবার এই দুই দিন হাট বসবে বলে প্রচারপত্র বিলি ও মাইকিং করা হয়। গতকাল হাটে প্রচুর গরুর আমদানি হয়। অনুমতি না নেওয়ায় দুপুরের দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাব ও পুলিশ নিয়ে হাট না বসানোর জন্য আয়োজকদের সতর্ক করে দিয়ে আসেন। কিন্তু তাঁদের বিধিনিষেধ অগ্রাহ্য করে বিকেলে হাটে পশু কেনাবেচা শুরু হয়।
নাম প্রকাশ না করার শর্তে চার-পাঁচজন প্রত্যক্ষদর্শী বলেন, এই হাট থেকে টিএমএসএস কর্তৃপক্ষ গরুপ্রতি ৫০০ টাকা করে উশুল আদায় করে। গরু কেনাবেচা হওয়ার খবর পেয়ে সন্ধ্যার কিছু আগে প্রশাসনের পক্ষ থেকে র্যাব ও পুলিশ নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে হাট তুলে দেন।
বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান বলেন, অস্থায়ীভাবে কোরবানির পশুর হাট বসাতে চাইলে উপজেলা বা জেলা প্রশাসনের পূর্ব অনুমতির প্রয়োজন হয়। অনুমতি সাপেক্ষে বসানো হাটে প্রশাসনের পক্ষ থেকে খাজনা আদায়ে খাস কালেকশন অথবা যে কদিন হাট বসবে, সেই কদিনের জন্য ইজারার নিয়ম রয়েছে। তা ছাড়া হাটে আইনশৃঙ্খলা রক্ষা, রোগাক্রান্ত পশু বিক্রি তদারকি ও জাল টাকা শনাক্তকরণের জন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন। কিন্তু টিএমএসএস অনুমতি ছাড়াই হাট বসালে প্রশাসনের পক্ষ থেকে তা তুলে দেওয়া হয়েছে।
জানতে চাইলে টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম মুঠোফোনে কোরবানির পশুর হাট বসানো এবং গরুপ্রতি ৫০০ টাকা করে উশুল আদায়ের কথা স্বীকার করেন। তিনি বলেন, বিগত বছরেও টিএমএসএসের প্রধান কার্যালয়ে এ ধরনের পশুর হাট বসানো হয়েছে। তবে অন্য পশুর হাটের চেয়ে এটা আলাদা। এখানে ওঠা গরু সবই টিএমএসএসের সদস্যদের ঘাস ও খড় খাইয়ে লালন-পালন করা। ক্রেতা-বিক্রেতা সবই এ সংস্থার লোক। রাসায়নিক খাদ্যমুক্ত ও স্বাস্থ্যসম্মত এসব গরু যাতে সদস্যরা ছাড়া অন্যরাও কিনতে পারেন, সে জন্য এবার মাইকিং করা হয়। দুই দিনের এই হাটের অনুমতির চেয়ে গত ২০ জুলাইজেলা প্রশাসনের কাছে আবেদনও করা হয়। জেলা প্রশাসন মৌখিক অনুমতি দেওয়ার পর প্রচারণা চালানো হয়। হাটে পশু কেনাবেচা শুরু হলেও র্যাব-পুলিশের অভিযানে ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হওয়ায় হাট পণ্ড হয়ে যায়। গরুর দাম এক-দেড় লাখ টাকা হলেও টিএমএসএস মেডিকেল কলেজ ও এতিমখানা উন্নয়নে উশুল নেওয়া হয়েছে মাত্র ৫০০ টাকা করে। এই টাকা সবাই খুশি হয়েই দিয়েছেন।
র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এ এফ এম আজমল হোসেন খান বলেন, টিএমএসএসের প্রধান কার্যালয়ে অবৈধভাবে পশুর হাট বসানোর চেষ্টা করায় র্যাব সদস্যরা জেলা প্রশাসনকে সহযোগিতা করতে সেখানে দুই দফা অভিযান চালিয়েছে।