বগুড়ায় পশুর হাটে জাল নোট শনাক্ত করার যন্ত্র
বগুড়ায় কোরবানির পশুরহাট তেমন জমে উঠেনি। ক্রেতার সংখ্যা কম হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন এবার জেলার ৬৮টি হাটে জাল নোট শনাক্ত করার যন্ত্র বসিয়েছে।গত শুক্রবার জেলার ১২টি থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে জাল নোট শনাক্ত করার জন্য যন্ত্র দেওয়া হয়েছে। বগুড়া জেলা সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, পুলিশ জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটে এ যন্ত্র নিয়ে অবস্থান করবে। হাটে কোরবানির পশু ক্রেতা ও বিক্রেতাদের টাকা লেনদেনের সময় সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে এ যন্ত্রের সাহায্যে নোট পরীক্ষা করা হবে। এতে কোনো ফি দিতে হবে না।সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান আরও জানান, দেশব্যাপী বিভিন্ন হাটবাজারে জাল নোটের সরবরাহ বেড়ে যাওয়ায় কোরবানির পশুর হাটে জাল নোট নিয়ে মানুষ আতঙ্কে ছিল। পশু কেনা ও বেচার সময় লোকজন প্রতারিত হবে—এ আশঙ্কায় পুলিশ হাটগুলোতে জাল নোট শনাক্ত করার যন্ত্র নিয়ে অবস্থান করবে। জেলার গুরুত্বপূর্ণ ৬৮টি কোরবানির পশুর হাটে থানা ডিবি পুলিশ মানি ডিটেক্টর নামের জাল টাকা শনাক্তের এই মেশিন ব্যবহার করবে।