বগুড়ায় পাঁচ-ছয় মাসে বৈঠক হয় একবার
এসিড নিয়ন্ত্রণে বগুড়া জেলা কমিটি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। কমিটির বৈঠক দুই মাস পর পর হওয়ার কথা থাকলেও তা পাঁচ-ছয় মাসে একবার হয়।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং সদস্যসচিব সহকারী পুলিশ সুপার পর্যায়ের একজন কর্মকর্তা। গত বছরের ২৫ জুলাই এই কমিটির সভা করার পর সর্বশেষ সভা হয়েছে একই বছরের ১ ডিসেম্বর। সভায় এসিড-সংক্রান্ত ২০টি মামলা নিয়ে আলোচনা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের জুলাইয়ে জেলার এসিডদগ্ধ ব্যক্তিদের সহায়তায় ২২ জনকে এক লাখ টাকা দেওয়া হয়। এরপর ঢাকা থেকে অনুদান না আসায় কোনো পুনর্বাসন কর্মসূচি নেওয়া যায়নি। বর্তমানে কমিটির তহবিলে কোনো টাকাও জমা নেই। এদিকে জেলায় এসিড ব্যবহারকারীর লাইসেন্স রয়েছে ৩৩টি। অথচ এসিড ব্যবহারকারীর সংখ্যা আরও বেশি।বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম ফেরদৌস আলম প্রথম আলোকে জানান, তিনি এখানে নতুন এসেছেন। তাই সবকিছু তাঁর জানা নেই। এসিড নিয়ন্ত্রণ কমিটির সদস্যসচিব সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণে বগুড়ার বাইরে রয়েছেন। তাই তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।