বগুড়ায় পিস্তলসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও গুলিসহ বগুড়ার দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শহরের জয়বাংলা মোড় ও পুরান বগুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার মেহেদী হাসান ওরফে মুরাদ (২৮) ও পুরান বগুড়া এলাকার শহিদুল ইসলাম (৩২)। শহিদুল ইসলাম সম্পর্কে মুরাদের খালাতো ভাই।বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল দাবি করেন, শহরের বৃন্দাবনপাড়া এলাকার মেহেদী হাসান ওরফে মুরাদকে গ্রেপ্তারের জন্য অনেক দিন ধরে পুলিশ চেষ্টা করে আসছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া দুজনই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। শহিদুলের বিরুদ্ধে ছয় মাস আগে সিএনজিচালককে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।