বগুড়ায় পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
বগুড়ার কাহালু উপজেলায় খাসপুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুহুল আমিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও দুই নারীসহ আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন একজনকে আটক করেছে পুলিশ। রুহুল আমিন কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জ গ্রামের আবুল ফকিরের ছেলে। তিনি পাতাঞ্জ দারুল উলুম ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। গ্রামবাসী ও থানার পুলিশ সূত্র জানায়, পাতাঞ্জ গ্রামে সরকারি খাস পুকুরের দখল নিয়ে রুহুল আমিনের সঙ্গে একই গ্রামের আশরাফ আলী ও ইয়াকুব আলীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে রুহুল তাঁর লোকজন নিয়ে ওই পুকুরে মাছ চাষ করার জন্য পানিতে চুন দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ আশরাফ আলী ও ইয়াকুব আলী তাঁদের লোকজন নিয়ে রুহুল আমিনের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে রুহুল গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে তিনি মারা যান। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার কথা নিশ্চিত করেছেন।