বগুড়ায় পুলিশ ফাঁড়ি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের নারুলীতে গতকাল বৃহস্পতিবার একটি পুলিশ ফাঁড়ি ঘেরাও ও সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। ফাঁড়ির ইনচার্জকে অপসারণের দাবিতে জনতা এই কর্মসূচি পালন করে। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে ঘেরাও ও অবরোধ তুলে নেওয়া হয়।এলাকাবাসীর অভিযোগ, নারুলী এলাকায় পুলিশ ফাঁড়ির অদূরে বগুড়া-গাবতলী সড়কে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে ফাঁড়ির পুলিশ কর্মকর্তাকে জানিয়েও কোনো কাজ হয় না। ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবদুল আজিজ অপরাধীদের প্রশ্রয় দেন বলেও এলাকাবাসীর অভিযোগ।এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া সদরের ধাওয়াপাড়ার এক ব্যক্তি বগুড়া শহর থেকে বাড়ি যাওয়ার পথে বগুড়া-গাবতলী সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন। একই রাত আনুমানিক দুইটার দিকে একই জায়গায় ছিতাইকারীর কবলে পড়েন সদরের ইছাদহ গ্রামের এক ব্যক্তি। ছিনতাইয়ের শিকার ওই দুই ব্যক্তি রাতেই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আজিজকে জানালে তিনি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা সকাল নয়টার দিকে নারুলী পুলিশ ফাঁড়ি ঘেরাও করে পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করে। এ সময় ফাঁড়ির সামনে বগুড়া-গাবতলী সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছুটে যান। এ সময় জনতা পুলিশ কর্মকর্তাদের কাছে উপপরিদর্শক আজিজের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। ঘটনাস্থলে উপস্থিত সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ছিনতাই বন্ধে এবং ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা ১১টার দিকে জনতা ঘেরাও তুলে নেয়।উপপরিদর্শক আবদুল আজিজ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যারা অভিযোগ করেছে, তারাই এসব ছিনতাই করাচ্ছে।’বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, ছিনতাই বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সে সম্পর্কে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।