বগুড়ায় পুলিশের উপস্থিতিতে প্রজন্ম মঞ্চে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমার নামাজে উসকানিমূলক বক্তব্য দিয়ে প্রথমে বগুড়ার সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে স্থাপিত ‘প্রজন্ম মঞ্চ’-এর বিরুদ্ধে মুসল্লিদের খেপিয়ে তোলে জামায়াত-শিবির। নামাজের পর শহরের কেন্দ্রীয় বড় মসজিদ, বায়তুর রহমান মসজিদ, জলেশ্বরীতলা নূর মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে ‘তৌহিদি জনতা’র ব্যানারে খণ্ড খণ্ড মিছিল বের করেন তাঁরা।প্রত্যক্ষদর্শীরা জানান, এসব মিছিলের নেতৃত্বে ছিলেন জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মীরা। বেলা দুইটার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা শহরের কেন্দ্রস্থল সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের প্রজন্ম মঞ্চের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে মঞ্চে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। প্রত্যক্ষদর্শী ও প্রজন্ম মঞ্চের অন্যতম উদ্যোক্তা আখতারুজ্জামান অভিযোগ করেন, একজন অতিরিক্ত পুলিশ সুপারের প্রত্যক্ষ মদদে জামায়াত-শিবির এ তাণ্ডব চালায়। তাণ্ডবের সময় পুলিশ ছিল নীরব। মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির নিরাপদে চলে যাওয়ার পর পুলিশ দায় এড়াতে পেছন থেকে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।হামলার পর লন্ডভন্ড প্রজন্ম মঞ্চে প্রথমে সমাবেশ এবং পরে প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন আয়োজকেরা। সমাবেশ থেকে হামলার জন্য প্রশাসনকে দায়ী করে বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, পুলিশ সুপার মোজামেঞ্চল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার কাওসার সিকদারকে (ডিএসবি) প্রত্যাহারের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় রোববার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরাম, বগুড়ার সভাপতি মাসুদার রহমান অভিযোগ করেন, পুলিশের একজন কর্মকর্তা মঞ্চ ভাঙতে হামলাকারীদের উসকে দিয়েছেন। আর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা মসজিদ থেকে ঘোষণা দিয়ে এ হামলা চালানো হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, ঘটনার সময় ওই কর্মকর্তা সাতমাথা স্কয়ারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন দুটি মসজিদে উসকানিমূলক কোনো বক্তব্য না দিতে খতিবদের আগে থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, প্রশাসনের নির্দেশনা অমান্য করে এসব মসজিদে উসকানিমূলক বক্তব্য দিয়ে মুসল্লিদের খেপিয়ে তোলা হয়। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তা ছাড়া প্রজন্ম মঞ্চে হামলার আশঙ্কার বিষয়টি আগে থেকে কেউ জানাননি।