বগুড়ায় পুলিশের দোকান-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আবারও দোকান-বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি জায়গায় সাতটি দোকানঘর নির্মাণের জন্য ইতিমধ্যে ১০টি জীবন্ত গাছ কেটে ফেলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি উচ্চপর্যায়ের অনুমতি ছাড়াই দোকানঘর তৈরির কাজ চলছে। গাছগুলো কাটার ব্যাপারে স্থানীয় বন বিভাগকে কিছু জানানো হয়নি।বগুড়ার পুলিশ সুপার বলছেন, স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে অস্থায়ীভাবে এসব দোকানঘর করা হচ্ছে। পুলিশ নারী কল্যাণ সমিতির জন্য ঘরগুলো নির্মাণ করা হচ্ছে।দুই বছর আগে জেলা পুলিশ প্রশাসন শহরের নবাববাড়ি সড়কের সদর পুলিশ ফাঁড়িসংলগ্ন সরকারি জায়গায় এবং কবি নজরুল ইসলাম সড়কের সদর থানার কাছে পুলিশের দখলে থাকা সরকারি জায়গায় ৪০টি দোকানঘর করে ভাড়া দেয়। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, নবাববাড়ি সড়কে আগের দোকানগুলোর পাশেই নতুন ঘর তোলা হচ্ছে। আট-নয় দিন ধরে নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ঘরের ভিত্তি করা হয়েছে এবং বুকসমান দেয়াল তোলা হয়েছে। ঘরগুলো দৈর্ঘ্যে নয় ও প্রস্থে সাত ফুট। ওই জায়গায় আগে মাঝারি আকৃতির কাঁঠাল, বড়ই ও শিশুগাছ ছিল। গতকাল পর্যন্ত ১০টি জীবন্ত গাছ কাটা হয়েছে বলে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন পানের দোকানদার বলেন, ‘রাতের অন্ধকারে আবার কখনো সকালে এসব গাছ কাটা হয়েছে। পুলিশের গাছ পুলিশ কাটছে। এতে আমাদের কী বলার আছে?’জানা গেছে, দুই বছর আগে পুলিশ ফাঁড়ির সঙ্গে পুলিশ ক্লাবের জায়গায় ১১টি দোকানঘর করে ভাড়া দেওয়া হয়। এর একটি দোকান পুলিশ পরিবারের সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতির। নতুন দোকানঘর তৈরির টাকা কোথায় থেকে এল, জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, জেলা পুলিশের খাত থেকে এই টাকা খরচ করা হচ্ছে। জামানত পাওয়ার পর টাকা সমন্বয় করা হবে।অভিযোগ রয়েছে, আগের দোকানগুলো নির্মাণের পর ব্যবসায়ীদের কাছ থেকে দোকানপ্রতি বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। কিন্তু নামমাত্র জামানত দেখিয়ে পরে সেগুলো ভাড়া দেওয়া হয়। দুই বছর আগে ভাড়া দেওয়া দোকানঘরের একাধিক ব্যবসায়ী জানান, তাঁরা এক লাখ টাকা জামানত দিয়েছেন। প্রতি মাসে এই টাকা থেকে দুই হাজার ৮০০ টাকা কেটে নেওয়া হয়। এরপর প্রতি মাসে ৭২২ টাকা ভাড়া দিতে হয়। কারও দুই বছর ও কারও তিন বছরের চুক্তি করা আছে। জামানত আরও বেশি দেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তাঁরা মুখ খুলতে চাননি।জেলা বন কর্মকর্তা এস এম মুনিরুল ইসলাম বলেন, যে বিভাগের গাছ কাটা হবে, সেই বিভাগের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়। এই অনুমতি পাওয়ার পর বন বিভাগকে বিষয়টি জানাতে হয়। কিন্তু পুলিশ সুপারের কাছ থেকে এ ধরনের কোনো চিঠি তাঁরা পাননি।এ ব্যাপারে বগুড়া পুলিশ সুপার হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, সরকারি উচ্চমহলের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাঁরই সিদ্ধান্তে সেখানে দোকানঘর করা হচ্ছে। এসব অস্থায়ীভাবে করা হচ্ছে। উচ্চমহল যখন বলবে এই জায়গা দরকার, তখন এসব ভেঙে দেওয়া হবে। তিনি আরও বলেন, এখন যে দোকান হচ্ছে, তা পুলিশ নারী কল্যাণ সমিতির বর্ধিতাংশ। দোকানঘর ভাড়া নিয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা ঠিক নয় বলে দাবি করেন তিনি।