বগুড়ায় পুলিশের সাঁজোয়া যানে পেট্রলবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় একুশের বইমেলায় নিরাপত্তাকাজে টহলের সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) লক্ষ্য করে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের সাতমাথায় জেলা স্কুলের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পেট্রলবোমায় সাঁজোয়া যানটিতে আগুন ধরে গেলেও পুলিশ দ্রুত তা নিভিয়ে ফেলে।

জেলা স্কুলের কাছে শহীদ খোকন শিশু উদ্যানের (পৌর পার্ক) বাইরের দুই রাস্তায় আজ থেকে একুশের বইমেলা শুরু হয়েছে। ওই মেলার আয়োজকেরা জানান, মেলা থেকে কিছুটা দূরে পেট্রলবোমা হামলা হয়েছে। তবে এতে  মেলার নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুরু হওয়া বইমেলা ও শহরের নিরাপত্তা দিতে সাঁজোয়া যানটি টহল দিচ্ছিল। সন্ধ্যায় জেলা স্কুলের ফটকে দাঁড়ানো অবস্থায়  দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এতে গাড়িটির ছাদে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নেভানোয় গাড়িটির বড় ধরনের ক্ষতি হয়নি।