বগুড়ায় পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র ২৫ বছরেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতারের বগুড়া আঞ্চলিক উচ্চশক্তির প্রেরণ কেন্দ্রটি ২৫ বছরেও পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিষ্ঠার পর থেকে বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নাট্যকর্মীরা এটিকে পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে চালুর দাবি জানিয়ে আসছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার দরগাহাটে বাংলাদেশ বেতারের উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র স্থাপনের জন্য ১৯৭৯-৮০ অর্থবছরে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এ জন্য প্রায় ২৫ একর জায়গা অধিগ্রহণ করা হয়। অবকাঠামো নির্মাণের পাশাপাশি কেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তির উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটার স্থাপন করা হয়। একজন আবাসিক প্রকৌশলীসহ ১৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ১৯৮৭-৮৮ অর্থবছরে এখান থেকে রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহিন মনোয়ারা হক বলেন, বগুড়া আঞ্চলিক প্রেরণ কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কেন্দ্র করার দাবিটি শুধু বগুড়ার নয়; এই অঞ্চলের মানুষের। কেন্দ্রটি চালু হলে এই এলাকা থেকে অনেক শিল্পী বেরিয়ে আসবেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের খবর ও জনগুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষ জানতে পারবে। জানা গেছে, কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসেবে চালু করার জন্য নতুন কোনো প্রযুক্তি ও যন্ত্রের প্রয়োজন হবে না। তবে শহরের কাছাকাছি প্রচার ও অনুষ্ঠান ধারণ করার জন্য আলাদা দুটি ভবন নির্মাণ করতে হবে। কেন্দ্রের আবাসিক প্রকৌশলী জায়েদুল ইসলাম জানান, বর্তমানে এ কেন্দ্রে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। নিরাপত্তা প্রহরীর কোনো পদ নেই। জেলা সদর থেকে পুলিশ এসে নিরাপত্তার দায়িত্ব পালন করে। পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র চালুর জন্য যান্ত্রিক সব ধরনের সুবিধা আছে। এখন সরকার সিদ্ধান্ত দিলে ও আলাদা সম্প্রচার ভবন করলেই এটি চালু করা যাবে।বগুড়া জেলা সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক বলেন, বগুড়া প্রেরণ কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র ঘোষণার বিষয়টি স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি। উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বগুড়ায় ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে এফএম ও কমিউনিটি রেডিও চালু হয়েছে। সরকারি উদ্যোগে এখানে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র স্থাপনের দাবির পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরা এখানে এফএম ট্রান্সমিটার স্থাপন করে স্থানীয়ভাবে ধারণ করা অনুষ্ঠান সম্প্রচারের দাবি তুলেছেন। এসব দাবি নিয়ে সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে আন্দোলনে নামার কথা ভাবা হচ্ছে।জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রে রূপান্তর এবং স্থানীয়ভাবে ধারণ করা অনুষ্ঠান সম্প্রচারের জন্য এখানে এফএম ট্রান্সমিটার স্থাপনের উদ্যোগ নেওয়ার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানোর উদ্যোগ নেওয়া হবে।