বগুড়ায় প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
গণপূর্ত অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জয়নুল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন ঠিকাদারেরা। গত সোমবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কয়েকজন ঠিকাদার বলেন, নির্বাহী প্রকৌশলী নিজেই এখন টেন্ডারবাজি করছেন। নির্বাহী প্রকৌশলী জয়নুল আবেদীন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে ঠিকাদার শওকত আলী খান লিখিত বক্তব্যে বলেন, ২০০৯-১০ অর্থবছরে গণপূর্ত অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের অধীন ৯ থেকে ১২ নম্বর কাজের দরপত্র বিজ্ঞপ্তি কোনো পত্রিকায় প্রকাশ করা হয়নি। এই কাজ গোপনে দুজন ঠিকাদারকে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ দরপত্র আহ্বান ছাড়াই কোটেশন ও ভাউচার দিয়ে লুটপাট করা হচ্ছে। এসব ব্যাপারে গত ১১ মার্চ নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করা হয়। এর মধ্যেই স্বাস্থ্য খাতে ৩৫ লাখ টাকা বরাদ্দ আসে। স্বাস্থ্য খাতের এই কাজের দরপত্রগুলোও নির্বাহী প্রকৌশলী গোপনে তাঁর পছন্দের ঠিকাদারদের দিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, টেন্ডারবাজি রোধে টেন্ডার দাখিলের আগে পুলিশ ও র্যাবকে জানানোর নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা করা হয়নি। তাই অবিলম্বে স্বাস্থ্য খাতের দরপত্রগুলো বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানানো হয়। নির্বাহী প্রকৌশলী জয়নুল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, দরপত্র আহ্বানে সরকারি নিয়মকানুন অনুসরণ করা হয়েছে। কোন কোন পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে—এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি বলেন, স্বার্থে আঘাত লাগায় কয়েকজন ঠিকাদার এসব অভিযোগ করছেন।