বগুড়ায় প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলার পাইকর-দরগারহাট সড়কের একটি স্থান থেকে মোজাহিদ হোসেন (৪০) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

মোজাহিদ হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাটের সিরাজুল ইসলামের ছেলে। তিনি বগুড়া উপশহর এলাকায় থাকতেন।

পুলিশের দাবি, মোজাহিদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তাঁকে হত্যা করা হয়েছে, নাকি দুর্ঘটনাবশত তিনি মারা গেছেন, তা পুলিশ তদন্ত করে দেখছে। বিষয়টির ব্যাপারে পরিবারের লোকজনও তাত্ক্ষণিকভাবে মুখ খুলতে চাননি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় একজন বিএসসি প্রকৌশলী মোজাহিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল ছিল পঞ্চগড়ে। স্ত্রীসহ তিনি থাকতেন বগুড়া শহরের উপশহর কেন্দ্রীয় মসজিদসংলগ্ন একটি বাসায়। তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার রাত তিনটার দিকে লাশটি পাইকর-দরগারহাট সড়ক থেকে উদ্ধার করা হয়। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত পরিচয় নিশ্চিত হতে না পারায় ময়নাতদন্তের জন্য  তা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, প্রকৌশলী মোজাহিদের স্বজনেরা মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন। তবে পুরো বিষয়টি এখনো রহস্যজনক।  কারণ মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের বেশ কয়েকটি চিহ্ন থাকলেও পাশেই তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি পড়ে ছিল। পরিবারের লোকজনও মুখ খুলছেন না। কাজেই এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।