বগুড়ায় প্রথম আলো বহনকারী গাড়িতে হামলা, ভাঙচুর
বগুড়ায় ‘প্রথম আলো’ পত্রিকা বহনকারী গাড়িতে দুই দফা হামলা ও ভাঙচুর চালিয়েছেন হরতাল-সমর্থকেরা। গতকাল রোববার রাত সাড়ে ১১টা ও আজ সোমবার ভোর পাঁচটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার পৃথক দুটি স্থানে ‘প্রথম আলো’ বহনকারী তিনটি গাড়ি আটকিয়ে ওই হামলা চালানো হয়।
পরিবহনের ঠিকাদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শেরপুর এলাকায় দুটি গাড়ি আটকে দেন হরতাল-সমর্থকেরা। এ সময় ‘প্রথম আলো’র পক্ষ থেকে পুলিশের সাহায্য চেয়েও পাওয়া যায়নি।
বগুড়া ছাপাখানা থেকে বৃহত্তর রাজশাহী ও পাবনা অঞ্চলে ‘প্রথম আলো’ পরিবহনের ঠিকাদার রুবেল মিয়া জানান, গতকাল ‘প্রথম আলো’ পত্রিকা রাজশাহী ও পাবনা এলাকায় পৌঁছে দেওয়ার পর সিরাজগঞ্জের মোড় হয়ে বগুড়ার ছাপাখানায় ফিরছিল একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান। রাত সাড়ে ১০টার দিকে গাড়ি দুটি বগুড়ার ছনকা এলাকায় পৌঁছালে সেখানে পিকেটাররা প্রথমে গাড়িগুলো আটকে দেন। সংবাদপত্র পরিবহনের গাড়ি বলার পরও হরতাল-সমর্থকেরা গাড়িটি ছেড়ে দিতে রাজি হননি। পরে ওই এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়ি দুটি নেন চালকেরা।
রাত সাড়ে ১১টার দিকে ‘প্রথম আলো’র পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হককে। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিছুক্ষণ পর হরতাল-সমর্থকেরা ফিলিং স্টেশনে গিয়ে গাড়ি দুটি ভেঙে পালিয়ে যান।
এ ব্যাপারে রুবেল মিয়া বলেন, গাড়ি দুটি হামলার শিকার হলে রাজশাহী অঞ্চলে পত্রিকা পৌঁছানোর জন্য রাতেই বিকল্প একটি গাড়ি ভাড়া করা হয়। আজ ভোরে গাড়িটি বগুড়া ছাপাখানা থেকে পত্রিকা নিয়ে সিরাজগঞ্জ মোড়ের দিকে যাওয়ার পথে শেরপুরের দশমাইল এলাকায় পিকেটারদের হামলার শিকার হয়। পিকেটাররা পত্রিকাবাহী গাড়িটিতে ভাঙচুর করেন। এ সময় ‘প্রথম আলো’ পরিবহনের কথা জেনে চালককেও মারধর করেন পিকেটাররা।
এদিকে বিএনপির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রথম আলো ডটকমকে বলেন, সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত। এ ব্যাপারটি হরতালে অংশ নেওয়া সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে। এর পরও কেউ হামলা করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ‘রাতে পত্রিকাবাহী গাড়ি আটকানোর খবর পেয়ে শেরপুর থানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। তারা কোনো ব্যবস্থা নিয়েছিল কি না তা খতিয়ে দেখা হবে।’ তিনি বলেন, ‘সংবাদপত্রবাহী গাড়ি হরতালের আওতামুক্ত। পত্রিকাবাহী কোনো গাড়ির ব্যাপারে পুলিশের কাছে নিরাপত্তা চাইলে তা নিশ্চিত করা হবে।’
এর আগেও বিএনপি-জামায়াতের হরতালে ‘প্রথম আলো’ পরিবহনের একাধিক গাড়ি পিকেটারদের হামলা-ভাঙচুরের শিকার হয়।