বগুড়ায় প্রথম আলো বিতরণ নিয়ে জটিলতার অবসান
বগুড়ায় পাঠকদের কাছে প্রথম আলো বিতরণ নিয়ে জটিলতার অবসান ঘটেছে। একটি অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে এজেন্ট ও সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে সৃষ্ট জটিলতায় গত শনিবার ও রোববার বগুড়া শহরের পাঠকদের কাছে প্রথম আলো সরবরাহে বিঘ্ন ঘটে। প্রথম আলো না পেয়ে অনেক পাঠক বগুড়া অফিসে ফোন করে কারণ জানতে চান।
পরে প্রথম আলোর এজেন্ট ও স্থানীয় হকার্স ইউনিয়নের তিনটি সংগঠনের নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠকের পর রোববার রাতেই জটিলতার অবসান হয়।
গতকাল সোমবার ভোরে বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও শ্রমিকনেতা রফিকুল ইসলাম শহরের সব সংবাদপত্র বিক্রয়কর্মীকে নিয়ে বৈঠকের পর পাঠকদের কাছে যথারীতি আগের মতো প্রথম আলো বিতরণের ঘোষণা দেন। এরপর বিক্রয়কর্মীরা ওই দিনই পাঠকের কাছে প্রথম আলো পৌঁছে দেন।
এ নিয়ে প্রথম আলোর বগুড়া কার্যালয়ে অনুষ্ঠিত আলাদা বৈঠকে জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম, প্রথম আলোর স্থানীয় তিন এজেন্ট আবদুর রফিক স্বপন, সৈয়দ আবদুল মতিন ও হামিদুল হক, সংবাদপত্র হকার্স শ্রমিক লীগের সভাপতি মোহন মোল্লা ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বকুল, বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক সাজু শেখসহ অন্য হকার্স নেতারা এবং প্রথম আলো বগুড়া কার্যালয়ের অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলাম, সার্কুলেশন বিভাগের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক জাকির হোসাইন, প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, প্রশাসনিক কর্মকর্তা ফারুকুল ইসলাম এবং আলোকচিত্রী সোয়েল রানা উপস্থিত ছিলেন।