বগুড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিচারকের জিডি
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ টি এম মেসবাউদৌলা। গতকাল মঙ্গলবার বগুড়া সদর থানায় তিনি ওই জিডি করেন।
শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠিও দিয়েছেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১০ জুলাই তিনি বগুড়ায় বদলি হয়ে আসেন। এরপর তিনি বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণিতে তাঁর ছেলেকে ভর্তি করান। প্রধান শিক্ষক রমজান আলী মাঝেমধ্যেই তাঁর ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করতেন ও নানা অপমানজনক কথাবার্তা বলতেন। তাঁর ছেলের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে গেলে গত বছরের ৯ জুন তিনি ও তাঁর স্ত্রী প্রধান শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ে দেখা করতে যান। সেখানে প্রধান শিক্ষক তাঁদের সঙ্গে মানহানিকর আচরণ করেন এবং বাবা-মায়ের সামনেই ছেলেকে মারধর করেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, ওই ঘটনার পর তিনি তাঁর ছেলেকে অন্য বিদ্যালয়ে ভর্তি করেন। এ বছর তাঁর ছেলে এসএসসি পাস করে। ছেলের শিক্ষাজীবনে বাধা আসতে পারে এ আশঙ্কায় তিনি এত দিন বিষয়টি সামনে আনেননি।
রমজান আলী বলেন, এক বছর পর যে অভিযোগ আনা হচ্ছে, সেটা ভিত্তিহীন।