বগুড়ায় প্রধান শিক্ষকের ২৫৬টি পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০৬টি শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে প্রধান শিক্ষকের ২৫৬টি ও সহকারী শিক্ষকের ২৫০টি পদ খালি রয়েছে। এ কারণে এসব বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১২ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৫৬৮। এর মধ্যে সদর উপজেলার ১১৯টি বিদ্যালয়ের ১৫টিতে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে তিনটি। শাজাহানপুর উপজেলায় ১২১টি বিদ্যালয়ের ২০টিতে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৯টি। সারিয়াকান্দি উপজেলার ১৬৭টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই ৩৩টিতে, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৬টি। নন্দীগ্রাম উপজেলায় ১০০টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ছাড়া চলছে ১৯টি, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩৩টি। সোনাতলা উপজেলায় ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই ২২টিতে, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩২টি। কাহালু উপজেলায় প্রধান শিক্ষক নেই ১২টি বিদ্যালয়ে, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৫টি। গাবতলী উপজেলায় ২৫টিতে প্রধান শিক্ষকের ও ২১টিতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। দুপচাঁচিয়ায় ১৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২২টি। আদমদীঘি উপজেলায় ১৮টিতে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের ২১টি পদ শূন্য রয়েছে। শেরপুর উপজেলায় ২০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে তিনটি। শিবগঞ্জ উপজেলায় ২৮টিতে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের ২৬টি পদ শূন্য রয়েছে। ধুনট উপজেলার ৩১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের ২৯টি পদ খালি।

সম্প্রতি সারিয়াকান্দি, গাবতলী ও সোনাতলা উপজেলার অন্তত ২০টি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষক সংকটের কারণে এসব বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস নিচ্ছে। সারিয়াকান্দি উপজেলার বোহাইল চর ও যমুনা নদীপাড়ের ১০টি বিদ্যালয়ে দপ্তরি কিংবা একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী বলেন, ‘প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকেরা প্রধানের দায়িত্ব পালন করেন। তবে সহকর্মীরা তাঁদের নির্দেশ মানতে চান না। তা ছাড়া দাপ্তরিক কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে ছোটাছুটি করতে গিয়ে নিজেদের নির্ধারিত ক্লাস নিতে পারেন না। এতে পড়াশোনা ব্যাহত হয়।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী বলেন, বিধি অনুযায়ী প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদোন্নতি এবং ৩৫ শতাংশ নিয়োগ পরীক্ষার মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। আদালতে মামলা ও আইনগত জটিলতায় এত দিন পদোন্নতি আটকে ছিল। এখন সেই জটিলতা কেটে গেছে। শিগগিরই শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। তবে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ আরও বিলম্বিত হতে পারে।