বগুড়ায় প্রধানমন্ত্রী, শহরজুড়ে উৎসবের আমেজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বগুড়ায়। তাঁর এ সফরকে ঘিরে জেলা শহরের রূপ বদলে গেছে। চারদিকে যেন উৎসবের আমেজ।
শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে চলছে জেলা আওয়ামী লীগের জনসভার কার্যক্রম । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা।
নজিরবিহীন নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রীর সফর ও জনসভাকে কেন্দ্র করে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা শহর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে বগুড়া সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচি শেষ করে বিকেলে তাঁর জনসভায় বক্তব্য দেওয়ার কথা।
বেলা ১১টার পর থেকেই দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে দেখা গেছে। এ সময় তাঁদের নানা বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়। শুরু থেকে স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য রাখছেন।
জনসভা উপলক্ষে ১০০টি মাইক লাগানো হয়েছে। এ ছাড়া জিলা স্কুল মাঠ, শহীদ খোকন পার্ক, সাতমাথা, দলীয় কার্যালয়ের সামনে এলইডি পর্দায় প্রধানমন্ত্রীর ভাষণ দেখার ব্যবস্থা করা হয়েছে।
জনসভাস্থল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রং-বেরঙের তোরণ আর ডিজিটাল ব্যানার-ফেস্টুনে অন্যরকম সাজে সেজেছে গোটা শহর। সড়ক-মহাসড়ক ও সড়কদ্বীপে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বিশাল বিশাল ছবি। রং-বেরঙের বাহারি নৌকা।
আরও পড়ুন: