
বগুড়া পৌরসভা নির্বাচনে এবার প্রার্থী নয়, লড়াই হবে প্রতীকে। নৌকা ও ধানের শীষে।
বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র পদপ্রার্থী গতকাল সোমবার পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। তাঁদের সঙ্গে ঘুরে নানা শ্রেণি-পেশার ভোটারের কথা থেকে এমন আভাস মিলেছে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এই পৌরসভা ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। এর আয়তন প্রায় ৭০ বর্গকিলোমিটার। মোট ভোটার ২ লাখ ৪৮ হাজার ৫৪ জন।
বিএনপির প্রার্থীর সঙ্গে সকাল থেকে দুপুর: শীত-কুয়াশা উপেক্ষা করে সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের (বর্ধিতাংশ) নিশিন্দারা মধ্যপাড়ার ভোটারদের দুয়ারে যান বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র এ কে এম মাহাবুবর রহমান। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি বললেন, ‘এই নির্বাচন শুধু মেয়র পদে লড়াই নয়, বগুড়াবাসীর আত্মমর্যাদার লড়াই। তাই ধানের শীষে ভোট চাইতে এসেছি।’ এ সময় মাহাবুবর রহমানের মুখের ওপরই ক্ষোভ ঝাড়লেন আতাউর রহমান নামের এক ভোটার। তিনি বললেন, পৌরসভার বর্ধিত অংশে কোনো উন্নয়ন হয়নি। মহল্লায় এখনো কাঁচা রাস্তা। নর্দমা, সড়কবাতি নেই। পাঁচ বছরে আপনি কোনো খোঁজ নেননি। অন্য মার্কা হলে ভোটই দিতাম না। কিন্তু মার্কা তো ধানের শীষ, তাই ভোট দিতে হবে।
সকাল ১০টার দিকে নিশিন্দারা মধ্যপাড়া মোড়ের ছোট্ট বাজারে জোবেদা খাতুনের কাছে ভোট চেয়ে সামনে এগোচ্ছিলেন মাহাবুবর। এই প্রতিনিধিকে কর্মী ভেবে ক্ষোভ প্রকাশ করেন জোবেদা। তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগ বেমাক লেতার দেকিচি। মহল্লাত রাস্তাঘাট নাই, ড্রেন নাই। ভোটটা দিমো ঠিকই, হামাকরক আগে এগলা কাজ করার কতা দিতে হবি।’
নিশিন্দারা পশ্চিমপাড়ার মুদিদোকানি ইব্রাহীম হোসেন বলেন, ‘নামেই পৌরসভা। বছর ঘুরলেই ট্যাক্স দিচ্ছি, অথচ রাস্তাঘাট কাঁচা। একনা ড্রেন নাই। বাতি নাই।’
দুপর ১২টার দিকে ১৬ নম্বর ওয়ার্ডের শৈলালপাড়ায় পৌঁছান মাহাবুবর। এ সময় তিনি মুদিদোকানি মোজাফফর হোসেনের কাছে ভোট চেয়ে সামনের দিকে এগোতে থাকেন। এ সময় এই প্রতিবেদক পৌরসভার কেমন উন্নয়ন হয়েছে জানতে চাইলে মোজাফফর বলেন, ‘ম্যালা উন্নয়ন হচে, কাদা ঘাটাত হাটপার যায়া খালি পাওত ঘা হচে।’
শুধু নিশিন্দারা মধ্যপাড়া নয়, ভোট চাইতে গেলে মাহাবুবর রহমানের কাছে ১৬ নম্বর ওয়ার্ডের অনেক ভোটারকে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। মাহবুবর রহমান বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কি না, সেটা নিয়েই ভোটারদের মধ্যে শঙ্কা, উৎকণ্ঠা রয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে বগুড়াবাসী বুঝিয়ে দেবে ধানের শীষ এখানে কতটা জনপ্রিয়।’ ভোটারদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহাবুবর বলেন, ‘পাঁচ হাজার ভোটারের পৌরসভায় সরকারিভাবে যে বরাদ্দ দেওয়া হয়, আড়াই লাখ ভোটারবিশিষ্ট এই পৌরসভায়ও একই বরাদ্দ। এ ছাড়া বগুড়ার প্রতি বৈষম্য করেছে আওয়ামী লীগ সরকার। তাই টাকার অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি। এবার মেয়র হতে পারলে বগুড়াকে সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে পারব।’
আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে দুপুর থেকে বিকেল: দুপুর সাড়ে ১২টার পর আওয়ামী লীগের প্রার্থী পৌরসভার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম কালিতলা এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি ভোটারের কাছে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী, পরিকল্পিত নর্দমাব্যবস্থা, বিকল্প আয়ের উৎস খুঁজে নগরবাসীর কাঁধ থেকে করের বোঝা কমানো, পৌরসভার নিয়ন্ত্রণাধীন রাজাবাজার, ফতেহআলী বাজার ও কালিতলা বাজার উন্নয়ন, সপ্তপদী বিপণিবিতানকে ভেঙে বহুতলবিশিষ্ট শপিং সেন্টার নির্মাণ, খান্দার ও মাটিডালিতে হাউজিং কমপ্লেক্স নির্মাণ, বিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণসহ নানা প্রতিশ্রুতি দেন।
কালিতলা বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন রিকশাচালক কুদরত আলী। এ সময় হাতে হাত মেলাতেই তিনি রেজাউল করিমকে বলেন, ‘আপনার কতা সগলি কচ্চে। দল-মতনির্বিশেষে সগলি আপনাক ভোট দিবি।’ তবে বেলা পৌনে তিনটা পর্যন্ত তাঁর সঙ্গে থাকা বিভিন্ন এলাকার কয়েকজন ভোটার বলেন, ব্যক্তিগতভাবে রেজাউল জনপ্রিয় ও পরিচ্ছন্ন প্রার্থী। তবে বগুড়ায় নৌকা প্রতীকে লড়াই করে ধানের শীষকে হারানোটাই তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।
কেউ কেউ আওয়ামী লীগের প্রার্থীর কাছে পৌরসভা নিয়ে তাঁর স্বপ্নের কথা জানতে চান। এ সময় রেজাউল করিম বলেন, ‘সরকারে আওয়ামী লীগ, দলীয় প্রার্থী মেয়র হলে শহরের উন্নয়ন হবে। আমি নিজেও একদফা পৌরপিতা ছিলাম। আমার সময়কার তিন বছরে বিএনপি-জামায়াত সরকার কোনো উন্নয়ন বরাদ্দ দেয়নি। নিজের প্রচেষ্টায় উন্নয়ন করেছি। নৌকা জিতলে সরকার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করবে।’ তিনি আরও বলেন, ‘আমি চাই ইসি ও প্রশাসন নিরপেক্ষ আচরণ করুক, নির্বাচন সুষ্ঠু হোক।’ সরকারদলীয় প্রার্থী হলেও প্রশাসনের কাছ থেকে অতিরিক্ত কোনো সুবিধা বা দলীয় প্রভাব বিস্তার করবেন না বলেও তিনি জানান।