বগুড়ায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দিনাজপুর বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া হাউজিং এস্টেটে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের মধ্যে বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দের জন্য দরখাস্ত আহ্বান করা হয় গত বছরের ১ জুলাই। ২০টি প্লটের জন্য একই বছরের ২৯ আগস্ট পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। নয় শতাধিক আবেদন জমা পড়ে। গত ২১ মার্চ বগুড়া শিল্পকলা একাডেমীতে আবেদনকারীদের উপস্থিতিতে লটারি করা হয়। এখানে ২০টি প্লটের লটারি করা হলেও বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা করার সময় দেখানো হয়েছে ২১টি প্লট।খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ২০টি প্লটের মধ্যে একটি প্লট কৌশলে ঢুকিয়ে দিয়ে পছন্দের লোককে দেওয়া হয়েছে। বগুড়া হাউজিং এস্টেটের প্রধান সড়কের ২০/১ নম্বর প্লটটি দুই দশমিক ৬২ কাঠার। বরাদ্দ দেওয়া হয়েছে রংপুরের আলম নগরের রুহুল আমিনকে। অথচ তিনি আবেদন করেছিলেন অন্য প্লটের জন্য। বরাদ্দের তালিকা পত্রিকায় প্রকাশের কথা থাকলেও এখনো তা করা হয়নি।লটারি অনুষ্ঠানে উপস্থিত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) বাসুদেব গাঙ্গুলি বলেন, ‘ফেয়ার লটারি করা হয়েছে।’ দিনাজপুর বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, যাচাই-বাছাই কমিটি ইচ্ছে করলে এসব পরিবর্তন করতে পারে। বিজ্ঞপ্তি দেওয়ার পর একটি প্লট বেড়েছে। এটির জন্য নতুন করে আবার বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব নয়। তাই এর সঙ্গে যুক্ত করা হয়েছে। ওই প্লটের জন্যও লটারি করা হয়েছে। বরাদ্দ পাওয়া ব্যক্তিদের তালিকা পত্রিকায় প্রকাশ না করার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।