বগুড়ায় বগি লাইনচ্যুত ট্রেন চলাচল বন্ধ
বগুড়া রেলস্টেশনের অদূরে গতকাল শনিবার দুপুরে সান্তাহারগামী লোকাল ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। বগিটি বিচ্ছিন্ন করে ট্রেনটি ছেড়ে গেলেও ঘটনার পর থেকে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।সর্বশেষ রাত পৌনে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও ঘণ্টাখানেক লাগতে পারে বলে কর্মকর্তারা জানান।বগুড়া রেলস্টেশন সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনটি বেলা দুইটা ২৫ মিনিটে বগুড়া স্টেশন ছেড়ে যায়। স্টেশন থেকে ৩০০ গজ দূরে কামারগারি রেলগেটের কাছে ট্রেনটির একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এ সময় কিছু যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। রেলস্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা লাইনচ্যুত বগিটির সংযোগ খুলে দিয়ে ট্রেনটি ছেড়ে দেন। তবে দুর্ঘটনাকবলিত বগিটির কারণে বেলা আড়াইটার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী মেইল ট্রেনটি বগুড়া স্টেশনে আটকে পড়ে।