বগুড়ায় বছরে মাদকে অপচয় ১৮৪০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মাদকের পেছনে বছরে প্রায় এক হাজার ৮৩৯ কোটি ৬০ টাকা অপচয় হচ্ছে। এই অর্থ পরিবারের পাশাপাশি রাজনীতি, চাঁদাবাজি, মাস্তানি ও ছিনতাই থেকেও জোগান হচ্ছে। মাদকসেবীদের ৩২ শতাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী।বগুড়া অ্যান্ট্রি ড্রাগস সোসাইটি (ব্যাডস) নামের একটি প্রতিষ্ঠানের সম্প্রতি চালানো একটি জরিপে বগুড়া শহরে মাদকের এমন চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি ৬৫৪ জন মাদকসেবীর ওপর জরিপ চালিয়ে ওই তথ্য-উপাত্ত সংগ্রহ করে।সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিবন্ধনভুক্ত প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আকতারুজ্জামান সরকার প্রথম আলোকে জানান, বগুড়া শহরের মাদকসেবীদের ওপর চালানো জরিপের ফলাফলের ওপর সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ দিবসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।ব্যাডসের ওই জরিপে কোনো মাদকসেবীর মৃত্যুর তথ্য না থাকলেও বগুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল চন্দ্র প্রথম আলোর কাছে দাবি করেছেন, তাঁর ওয়ার্ডে সান্দারপট্টি নামের একটি এলাকায় গত ১০ বছরে হিরোইন সেবনে অন্তত ১৫ জন মারা গেছে।ব্যাডসের জরিপ অনুযায়ী, ১৩ থেকে ৩০ বছর বয়সী মাদকসেবীর সংখ্যা প্রায় ৯০ শতাংশ। এর মধ্যে বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার আগেই ২৩ শতাংশ শিক্ষার্থী মাদকসেবনে জড়িয়ে পড়ছে, কলেজে ভর্তির পর এ সংখ্যা দাঁড়াচ্ছে ৫৯ শতাংশ। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে গিয়ে মাদকে জড়াচ্ছেন ১৫ শতাংশ শিক্ষার্থী। বিয়ের আগেই ৪৬ শতাংশ তরুণ-তরুণী মাদকাসক্ত হয়ে পড়ছেন। বন্ধুদের পাল্লায় পড়ে মাদকে জড়াচ্ছে ৫৯ শতাংশ। এ ছাড়া বেকারত্ব ও প্রেমে হতাশায় জড়াচ্ছে ২০ শতাংশ। কৌতূহলে মাদকে জড়াচ্ছে ১০ শতাংশ। ব্যাডসের জরিপ অনুযায়ী, মাদকসেবীদের ৭৯ শতাংশই চিকিৎসা নিতে আগ্রহী নয়।আকতারুজ্জমান বলেন, জরিপে পাওয়া তথ্য অনুযায়ী একজন মাদকসেবী প্রতিদিন মাদকের পেছনে ১৬৮ টাকা ব্যয় করে। এ অর্থের ২৭ শতাংশ জোগান দেয় পরিবার, ২৬ শতাংশ মাদকসেবী ধারদেনা করে নেশা করে এবং ২১ শতাংশ মাদকসেবীর অর্থ জোগান দেন রাজনৈতিক দলের নেতারা।জরিপের এসব তথ্য সমর্থন করে প্রায় অভিন্ন তথ্য দেন মাদকাসক্তদের নিয়ে কাজ করা ইনিশিয়েটিভ ফর রিহ্যাবিলিটিশন অব ড্রাগ অ্যাডিকশন (আইআরএ) এবং রান রিহ্যাব মাদকাসক্তি কেন্দ্র নামের দুটি প্রতিষ্ঠানও। রান রিহ্যাবের নির্বাহী পরিচালক নাদিম শাখের প্রথম আলোকে বলেন, বগুড়া শহরের মাদকাসক্তদের ৬০ শতাংশই স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-তরুণ বয়সী শিক্ষার্থী। আইআরএর ব্যবস্থাপক রেজা সেলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকে ঝুঁকি পড়ার প্রবণতা সবচেয়ে বেশি।বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক শহরে মাদকের বিস্তারের কথা নিশ্চিত করে বলেন, এক বছর আগে শহরে মাদক নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে কোণঠাসা হয়ে পড়েছিল মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা। কিন্তু গত ৩ মার্চের বগুড়ায় রাজনৈতিক সহিংসতার পর মামলার জট আর আসামি গ্রেপ্তারে ব্যস্ততার কারণে মাদক নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান ঝিমিয়ে পড়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক মানজুরুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি অধিদপ্তর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করা গেলে মাদকসেবীদেরও নেশার রাজ্য থেকে ফেরানো সম্ভব।