বগুড়ায় বন্যায় পানিবন্দী ৭৫ হাজার মানুষ
প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বেড়ে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। আজ বুধবার পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী প্রায় ৭৫ হাজার মানুষ পানিবন্দী।
পানি বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার প্রবল স্রোতে চরাঞ্চলে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় সারিয়াকান্দি উপজেলায় যমুনার ভাঙনে পাঁচটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। এসব গ্রামের এক হাজার পরিবারের প্রায় পাঁচ হাজার মানুষ গৃহহীন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যমুনা নদীর সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে বুধবার সকাল ছয়টায় বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানিপ্রবাহ রেকর্ড করেছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, যমুনায় পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি ঘটছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে নতুন করে ৭ সেন্টিমিটার পানি বেড়ে এখন ১৭ দশমিক ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর মথুরাপাড়া পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার।
জেলা ত্রাণ কর্মকর্তা শাহারুল মোহাম্মদ আবু হেনা বলেন, সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ৯৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের ১৪ হাজার ৮৪৫ পরিবারের প্রায় ৭৫ হাজার মানুষ পানিবন্দী। বাঁধে আশ্রয় নিয়েছে ৩ হাজার ৪৪৫ পরিবার। শ্রেণিকক্ষে বন্যার পানি ঢুকে পড়ায় ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। ৩ হাজার ৮৭৭ হেক্টর জমির পাট, আউশ, বীজতলা ও শাকসবজি তলিয়ে গেছে। দুর্গত এলাকার মানুষের জন্য বুধবার পর্যন্ত ১৯০ মেট্রিক টন চাল ও নগদ চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি যমুনার প্রবল ভাঙনের মুখে পড়েছে চরাঞ্চলের বেশ কিছু গ্রাম। যমুনার ভাঙনে এখন পর্যন্ত হাটশেরপুর ইউনিয়নের চকরতিনা চরসহ আশপাশের অন্যান্য বেশ কয়েকটি গ্রামের প্রায় এক হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এসব পরিবারের মধ্যে বুধবার সরকারি ত্রাণভান্ডার থেকে চিড়া, গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়েছে।
ত্রাণের চাল চুরির ঘটনায় তদন্ত কমিটি
সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নে দুর্গত মানুষের মধ্যে বিতরণ করা ত্রাণের চাল কম দেওয়ার ঘটনায় তদারক কর্মকর্তা রেজাউল করিমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সারিয়াকান্দির ইউএনও মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মাহবুব হোসেনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।