বগুড়ায় বন্যায় ৭৮ কোটি টাকার সম্পদের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বন্যায় বগুড়ার তিন উপজেলায় ৭৮ কোটি ৬২ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। বন্যার মূল আঘাত পড়েছে কৃষি খাতে। এর মধ্যে শুধু ফসলের ক্ষতি হয়েছে প্রায় ৪৯ কোটি টাকার। ১৭ কোটি ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বসতবাড়ি ভেসে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে।

জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদন থেকে বন্যায় ক্ষয়ক্ষতির এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, বন্যায় কাঁচা-পাকা রাস্তা এবং সেতু ও কালভার্টের ক্ষতি হয়েছে পৌনে ৬ কোটি টাকার। বন্যায় ভেসে গেছে ১ কোটি ১৫ লাখ টাকার মাছ। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় অবকাঠামো এবং উপকরণের ক্ষতি হয়েছে প্রায় ১ কোটির টাকার। ৪ কোটি ৪৪ লাখ টাকার ক্ষতি হয়েছে হস্তচালিত নলকূপ এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ডুবে গিয়ে পানি ওঠায়।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, কৃষির ৪৯ কোটি টাকা ক্ষতি হলেও বন্যা-পরবর্তী সহায়তা হিসেবে ১৫ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক ১ কোটি ৫৪ লাখ টাকার কৃষি সহায়তা পাবেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা, কামালপুর, কুতুবপুর, বোহাইল, কর্নিবাড়ি, সারিয়াকান্দি সদর, কাজলা, চালুয়াবাড়ি ও হাটশেরপুর, সোনাতলা উপজেলার পাকুল্যা ও তেকানী চুকাইনগর এবং ধুনটের ভান্ডাবাড়ি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী বন্যায় ৩ হাজার ৮৭৪ হেক্টর জমির ফসল পুরো নষ্ট হয়ে গেছে। এর মূল্য ৩০ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া ১ হাজার ৯৮০ হেক্টর জমির ফসল আংশিক নষ্ট হয়েছে, যার মূল্য প্রায় ১৭ কোটি ৫৭ লাখ টাকা। ১ হাজার ৭৫৭ হেক্টর জমির বীজতলার ক্ষতি হয়েছে।

১৫ হাজার ৮০০ কাঁচা ও আধা পাকা ঘর আংশিক এবং ৩০০ কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ১৬ হাজার ৭০ জন মানুষ বসতভিটা হারা এবং ৩১ হাজার ৯০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রায় সাড়ে ৮ কিলোমিটার পাকা এবং ২৫ কিলোমিটার কাঁচা সড়কের পুরো বা আংশিক ক্ষতি হয়েছে। পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বিধ্বস্ত এবং আটটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২টি উচ্চবিদ্যালয়, পাঁচটি কলেজ ও ছয়টি মাদ্রাসার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বগুড়ার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহারুল ইসলাম মো. আবু হেনা প্রথম আলোকে বলেন, বন্যায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কৃষির। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দায়িত্ব কৃষি বিভাগের। জেলা ত্রাণ বিভাগ দুর্গতদের মাঝে ৩৪৫ মেট্রিক টন চাল এবং ২৬ লাখ ৬৬ হাজার টাকার নগদ সহায়তা প্রদান করেছে। গৃহনির্মাণ সহায়তার জন্য জেলায় ৭৬৭ বান্ডিল ঢেউটিনের বরাদ্দ মিলেছে।

বগুড়া জেলা কৃষি বিভাগের উপপরিচালক প্রতুল চন্দ্র সরকার বলেন, তিন উপজেলার ক্ষতিগ্রস্ত ১৫ হাজার ৩০০ জন কৃষককে ১ কোটি ৫৪ লাখ টাকার সহায়তা দেওয়া হবে। এসব কৃষক আমন, গম, ভুট্টা, সরিষা, মাষকালাই, মসুর ডাল, চিনাবাদাম, শাকসবজিসহ বিভিন্ন শস্য লাগানোর জন্য বিনা মূল্যে বীজ ও সার পাবেন।