বগুড়ায় বর্ষবরণ সামনে রেখে নিরাপত্তা জোরদার
বগুড়ায় সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের তাণ্ডব ও হেফাজতে ইসলামের তৎপরতার কারণে বাংলা বর্ষবরণ উদ্যাপন ও বৈশাখী মেলা সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে যেকোনো নাশকতা ঠেকাতে র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও বৈশাখী উৎসবের জায়গাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আজ শনিবার বর্ষবিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব আয়োজনের অনুষ্ঠানমালা শুরু করছে বিভিন্ন সংগঠন।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, সম্প্রতি জামায়াত-শিবির জেলাজুড়ে ভয়ংকর তাণ্ডব চালিয়েছে। তৌহিদি জনতার মিছিল থেকে গণজাগরণ মঞ্চে হামলার ঘটনা ঘটেছে। বাংলা নববর্ষ, বৈশাখী উৎসব ও বৈশাখী মেলাকে ঘিরে মৌলবাদী কোনো গোষ্ঠীর নাশকতা চেষ্টার বিষয়টি উড়িয়ে দেওয়ার নয়। মৌলবাদী গোষ্ঠীর যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে গোটা শহরকে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি বগুড়ায় এবার ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করা হবে। বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব ও বৈশাখী মেলার তোড়জোড় চলছে। শহরে মঙ্গল শোভাযাত্রা বের করবে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। মঙ্গল শোভাযাত্রায় দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথম আলো বন্ধুসভা মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল সাতটায় বন্ধুসভার মঙ্গল শোভাযাত্রা বের হবে প্রথম আলোর জ্বলেশ্বরীতলার কার্যালয় থেকে। বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ার অ্যাডওয়ার্ড পার্কে প্রতিবছরের মতো এবারও বসছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করছে বগুড়া থিয়েটার। জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বৈশাখী মেলা চত্বরের ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।