বাংলা গানের অমর কণ্ঠশিল্পী বশির আহমেদের স্মরণে বগুড়ায় গতকাল শুক্রবার এক সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে ‘শুদ্ধস্বর’ নামের একটি সংগঠন। জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘শুদ্ধস্বর’-এর সভাপতি শোয়েব শাহরিয়ারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রবীণ নাট্যজন খন্দকার গোলাম কাদের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুর রাজ্জাক, সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রমুখ। পরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পীরা বশির আহমেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। বক্তারা বলেন, বশির আহমেদ ছিলেন সুরের জাাদুকর। ‘ডেকো না আমারে তুমি/কাছে ডেকো না’; ‘পিঞ্জর খুলে দিয়েছি’সহ বহু জনপ্রিয় ও কালজয়ী গানের মধ্য দিয়ে তিনি যুগ যুগ ধরে বাংলা গানের শ্রোতাদের মাঝে বেঁচে থাকবেন।
সকালে একই মঞ্চে প্রয়াত কবি ফারুক সিদ্দিকীর স্মরণে সভার আয়োজন করে শুদ্ধস্বর। এতে বক্তব্য দেন কথাসাহিত্যিক বজলুল করিম বাহার, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান প্রমুখ।